মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
উজানের পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৭৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার বিকালে কুলকান্দি হার্ডপয়েন্ট এলাকার পূর্বপাশে অন্তত ২০ মিটার অংশে ধস শুরু হয়েছে।
বাঁধে ধস দেখা দেওয়ায় হুমকীর মুখে কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী মিয়া বাড়ী মসজিদ, মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলকান্দি মাগুন মিয়ার বাজার, বসতবাড়ী ও ফসলি জমি।
উল্লেখ্য, প্রমত্তা যমুনার ভাঙ্গন প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার থেকে সরিষাবাড়ি উপজেলার পিংনা পর্যন্ত ৩টি পয়েন্টে ৪৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬ দশমিক ৫৫ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১০ সালে শুরু হয়ে ২০১৭ সালে শেষ হয় এই প্রকল্পের কাজ। এই বাঁধের কারনে কুলকান্দি ও পার্থশী ইউনিয়নসহ ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায়।
স্থানীয়রা জানান, বাঁধের ধস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বসতবাড়ী ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কুলকান্দি হার্ডপয়েন্টের পূর্বপাশে তীররক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব দ্রুত সময়ের মাঝে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
























