জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মোহনা আক্তার (৭) নামে এক শিশুকন্যাকে গলাটিপে ও মসল্লা বাটার শিল দিয়ে পিটিয়ে হত্যা করেছে মা।
গতকাল রবিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে ঘাতক মাকে আটক করেছে পুলিশ।
নিহত শিশু ওইগ্রামের সৌদিপ্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। সে চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোহনার মা বেদেনা বেগম (২৫) তাকে নিজঘরে গলাটিপে ধরে। তারপর মৃত্যু নিশ্চিত করতে মসল্লা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। পরে নিজেই সে প্রতিবেশিদের ডেকে হত্যার ঘটনা স্বীকার করে।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মুর্শেদ আলী জানান, নিহতের মা নিজেই মেয়ে মোহনাকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও ঘাতক বেদেনা বেগমকে আটক করা হয়েছে।
























