সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের ব্যবসায়ে সহযোগিতা করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের এক ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামানকে ওয়ার্ড সভাপতি থেকে বহিস্কার করা হয়েছে। মনিরুজ্জামান নোয়াগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার আদিষ্ট হয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান মাদক ব্যবসায়ে সহযোগিতা ও জাতীয় পার্র্টির সাংগঠনিক কর্মসূচী কার্যকলাপের জন্য তাকে বহিস্কার করা হয়। এ আদেশ বিজ্ঞপ্তি প্রকাশ হতেই কার্যকর করা হয়।
জাপা থেকে বহিস্কার হওয়া মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পার্টি ভালো মনে করেছেন তাই আমাকে বহিস্কার করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই। মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
























