আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুঁই খাতুন (২২) কে হত্যার বিচারের দাবি এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ৩ ঘন্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ওই এলাকার নারী পুরুষ অংশ নেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারী রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুঁই খাতুন নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক হত্যা করা হয়।
গত ৩ বছর আগে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুঁই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের বিবাহ হয়। সংসার চলাকালীন সময়ে জুঁই খাতুনের সাথে তার স্বামী আলী হোসেনের বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এরই মধ্যে গত ৩০ জানুয়ারী বিকেলে যৌতুকের টাকা দাবী করে আলী হোসেন তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় জুঁই খাতুনের মৃত্যুর সংবাদ আসে। জুঁই খাতুনের বাবার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় জুঁইকে হত্যা করা হয়েছে। ওইদিন মরদেহ হাতীবান্ধা থানা পুলিশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সিভিল সার্জন অফিসে পাঠায়। কিন্তু জুঁই খাতুনের বাবার পরিবারের দাবী তাদেরকে না জানিয়ে পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে। যা হত্যা কারীকে সহায়তার সামিল। ওই ইউডি মামলা বাতিল ও আসামীকে গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা চত্বরের সামনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধন করেন। এবং পরে মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৩ ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারি কমিশনার( ভুমি) দুলাল হোসেন ও ওসি তদন্ত মামুনুর রশিদ মানববন্ধন স্থলে এসে আসামীকে গ্রেফতার ও ন্যায় বিচারের আশ্বাস দিলে অবোরধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা।
























