জাকির হোসেন, যশোর:
দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দরে। বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি) এর উদ্যোগে, যশোর জেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার সমন্বয়ে ১৩০ ফুট উচ্চতার এই বিশেষ পতাকা স্থাপনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সুবিশাল পতাকাটি আনুষ্ঠানিকভাবে উড্ডয়ন করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব বিবেচনায় বিজিবি’র পক্ষ থেকে এখানে একটি সুবিশাল পতাকা স্থাপনের প্রস্তাবনা যশোর জেলা প্রশাসনের নিকট উত্থাপন করা হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভা এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। বর্তমানে বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্তম্ভ তৈরির কাজ প্রায় সমাপ্তির পথে।
বেনাপোল বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও ব্যস্ততম স্থলবন্দর। প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি যাত্রী, পর্যটক ও ব্যবসায়ী এই বন্দর দিয়ে যাতায়াত করেন। ১৩০ ফুট উচ্চতায় এই জাতীয় পতাকা স্থাপিত হলে তা আগত দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের মর্যাদা, ঐতিহ্য ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে দৃশ্যমান হবে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোঃ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “স্বাধীনতার এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশের পতাকা দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়বে, এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। এই গৌরবের পতাকাকে সমুন্নত রাখতে বিজিবি সার্বক্ষণিক প্রতিজ্ঞাবদ্ধ।”
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পতাকা স্তম্ভটি শুধু বেনাপোলের নয়, বরং পুরো দেশের এক অনন্য ল্যান্ডমার্কে পরিণত হবে, যা সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ আরও জাগ্রত করবে।
























