নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের আতঙ্ক বিশ্বব্যাপী। বাংলাদেশেও ইতোমধ্যেই এটি ভয়াবহ রুপ ধারণ করতে শুরু করেছে। এই আতঙ্কের মধ্যেই আভাস মিলছে নতুন দুর্ঘটনার। ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। আগামী সপ্তাহেই এটি ভারত এবং বাংলাদেশের ওপর আঘাত হানতে পারে।
বিশ্বের বিভিন্ন আবহাওয়া অধিদফতর ও বিভিন্ন সংস্থা জানাচ্ছে, বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। ফলে উত্তর ভারত মহাসাগরে এটাই হবে চলতি বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়।গত কয়েকদিন ধরেই এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।
সিএনএন জানাচ্ছে, প্রতি মুহুর্তেই এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ ধারণ করছে। এটা একটি শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে আগামী সপ্তাহেই বাংলাদেশ এবং ভারতে আঘাত হানতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় যে, মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। তবে ঠিক কোন জায়গায় আক্রমণ করবে আম্ফান, তা এখনো জানা যায় নি।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানের নামকরণ করেছে থাইল্যান্ড। ‘আম্ফান’ ২০১৯-এর ঘূর্ণিঝড় তালিকার শেষ নাম।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
























