নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা মৌজার কোরবানপুর এলাকায় মেঘনা নদীর তীর দখল করে গিলে খাচ্ছে এমন অভিযোগে আনলিমা কোম্পানির বিরুদ্ধে সংবাদ প্রকাশ সম্পুর্ন মিথ্যে ও বানোয়াট। এমনটাই জানিয়েছেন সোনারগাঁয়ে আনলিমা কোম্পানির প্রতিনিধি শাহজালাল মিয়া।
একটি পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, গত ১৫-২০ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় আমাদের কোম্পানির ক্রয়কৃত জমিতেই আমরা বালু ভরাট করে যাচ্ছি।
আনলিমা কোম্পানির প্রতিনিধি শাহজালাল মিয়া বলেন, আমি কোম্পানির পক্ষে বালু ভরাট করছি। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে নদীর তীরের জায়গাসহ সরকারি সম্পত্তি তারা লিজ নিয়েছে। কারখানার কর্মকর্তারা যেখানে বালু ভরাট করতে নির্দেশ দিয়েছেন আমরা সেখানেই ভরাট করছি। ভরাট করার সময় নদী দখল হলে তা কারখানা কর্তৃপক্ষ সরকারের সঙ্গে বোঝাপড়া করবে।
























