সাব্বির আহাম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারী চালিত অটো রিকশা মিশুক মুখোমুখি সংঘর্ষে মিশুকের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় মিশুক চালক গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলো আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। তারা শহরের টানবাজার সুতার গতিতে লেবারের কাজ করেন।
শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমানা গামেন্টস সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী চালক রাসেল (৩৫) সহ কাভার্ডভ্যান আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ও আব্বাস উদ্দিনএকই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান জানান, অটোরিকশা চালক দুইজন যাত্রী নিয়ে পঞ্চবটির দিকে যাচ্ছিল। আমানা গার্মেন্টেসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডাভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৭৯৬২) অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। পরে অটোরিকশার চালক ও অন্য যাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরী বিভাগের ডাক্তার যাত্রীকে মৃত ঘোষণা করে এবং চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরিবারের লোকজন থানা পুলিশকে অবগত না করে লাশ বাড়িতে নিয়ে যায়। দুর্ঘটনায় এলাকাবাসী চালক সহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরো জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার ইচ্ছে পোষণ করলে তাদের কাছ থেকে লিখিত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























