সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এওয়ান পোলার নামে এক পোশাক কারখানার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এওয়ান পোলার পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত আলম নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার শিমুলবাড়ী চেনমারী এলাকার আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, আলম এওয়ান পোলার পোশাক কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ চলছিলো। হঠাৎ করে আলম নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ডিকেএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এওয়ান পোলার নামে একটি পোশাক কারখানায় এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ কারখানায় পৌঁছানোর আগেই কর্তৃপক্ষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন।
























