মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
দীর্ঘদিন চুটিয়ে প্রেম। পরণতি বিয়ে। কিন্তু সেই বিয়েরও কাবিন নেই। শুধুমাত্র ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে পড়ানো হয়েছে। বিয়ের পর কথা ছিল বরপক্ষ কাবিন করবে। কিন্তু কাবিন না করে নানা ধরণের টাল বাহান শুরু করে বরপক্ষ। পরবর্তীতে আদালতে মামলা হয়। আর বিজ্ঞ বিচারক নিজেই দায়িত্ব নিয়ে খাস কামরায় সরকারী রীতিনীতি অনুযায়ী বিয়ের কাবিন নামা সম্পন্ন করেন। চঞ্চল্যকর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের।
খোঁজ নিয়ে জানাযায়, ২০২১ সালের ১২ই ফেব্রুয়ারি জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ইকবাল মিয়ার কন্যা মোসাম্মত সাদিয়া আক্তার (১৮) এর সাথে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়ার (২৪) বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কদিন যেতে না যেতেই স্বামী রাসেল মিয়া কাবিন করতে অস্বীকার করে নানা টালবাহানা জুড়ে দেয়। এ ঘটনায় সাদিয়া এ বছরের ৫ এপ্রিল সদর কোর্টে মামলা দায়ের করে। আসামী হাজির হলে জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণ করেন।
বুধবার ছিল এ মামলার তারিখ। আদালতে আসামী হাজির হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপী নিজ উদ্যোগ নিয়ে কাবিন সম্পাদন করেন। স্বামী রাসেলকে বুঝিয়ে খাস কামরায় ডেকে ২ লাখ টাকায় কাবিন নামায় পুণরায় বিয়ে সম্পাদন করেন। বিচারক নিজে কনেকে শাড়ী ও বিয়ের অন্যান্য উপহার প্রদান করেন। আদালতের এই মহতি উদ্যোগে উপস্থিত সকলে খুশি।
























