পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খানসহ তিন আসামিকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে তারা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় বলে আদালতের পিপি আব্দুস সামাদ রতন জানান।
এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।
গত বছর ১১ ডিসেম্বর ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় কোলাদী চারাবটতলা গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিনের সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খানের সমর্থকদের সংঘর্ষ হয়।
সে সময় আবু সাইদের সমর্থকরা বেশ কয়েকটি বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে। সেই সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলম মারা যান।
পরদিন তার বাবা মোজাম্মেল হক ওরফে মোজা খান বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে পাবনা থানায় মামলা করেন।
পিপি বলেন, সোমবার ইয়াছিন হত্যা মামলার এজহারভুক্ত পাঁচ আসামি আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তিনজনকে জেলহাজতে পাঠালেও আলম ও সাচ্চু নামে দুইজনকে জামিন দেয়। এই দুজনের নাম এজহারে থাকলেও তারা ইয়াছিনের গায়ে আঘাত না করায় তাদের জামিন দেওয়া হয়।
























