মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর-ঢাকা লাইনে চলাচল করা আন্তঃনগর ট্রেনের টিকিট বৃদ্ধি, ডাবল লাইন চালু, ট্রেনের সময়সূচি পরিবর্তন, বিজয় এক্সপ্রেস জামালপুর পর্যন্ত চালানো, টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রী সেবার মান আরো বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে কয়েকটি সংগঠন। অবিলম্বে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছে বিভিন্ন সংগঠন।
জানা গেছে, জামালপুর জংশন স্টেশনের আওতায় বরাদ্ধ থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনের ৬০টি আসন কেটে নেয়ার প্রতিবাদে এবং টিকেট কালবাজারী বন্ধ, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে চালু করা, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন এবং রেলের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে গত ১ জুন জামালপুর জংশন রেল স্টেশন প্লাটফরমে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।
মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব তুষার মল্লিক, সচেতন নাগরিক কমিটির সদস্য রাসেল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক হিল্লুল সরকার।
বক্তারা অবিলম্বে উল্লেখিত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনে যাবার ঘোষণা দেন।
আন্তঃনগর জামালপুর এক্সপ্রেসের বর্তমান সময়সূচি পরিবর্তনের দাবিতে গত ৩ জুন বিকেলে মানববন্ধন করেছে জামালপুর ট্রেনযাত্রী ফোরাম।
জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রেন যাত্রী ফোরামের প্রতিষ্ঠাতা আজাদ খান ও সদস্য কামারুজ্জামান কাকনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচি পরিবর্তন করে রাত ১১টায় কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছাড়া এবং জামালপুর থেকে বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্য সময়সূচি প্রদানসহ ৯ দফা দাবি করেন।
জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন খেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন।
রোববার ব্যতিত এ ট্রেনটি প্রতিদিন কমলাপুর থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন হয়ে জামালপুর পৌঁছে বিকেল ৪ টা ৫ মিনিটে এবং জামালপুর জংশন স্টেশন থেকে বিকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে একই লাইনে কমলাপুরে পৌঁছে রাত ১১ টা ৩০ মিনিটে।
অবিলম্বে যাত্রী এবং বিভিন্ন সংগঠনের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে জামালপুর জেলা নাগরিক কমিটি।
























