বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত ফেন্সিডিল পাচার মামলায় ২ জনকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন। রবিবার বৈকালিক পর্বে জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ এই রায় ঘোষনা করেন। এ সময় সাজাপ্রাপ্ত এই দুজন আসামী আদালতে অনুপস্থিত ছিল এবং অন্য দুজন খালাস প্রাপ্ত আসামী উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মোঃ আদম আলী (৪৫) যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের এবং মোঃ রানা হোসেন (৪০) একই গ্রামের আব্দুল জলিলের পুত্র। এই মামলায় ট্রাক মালিক শরিফ মেম্বার ও ইঞ্জিন মিস্ত্রী সালামকে খালাশ প্রদান করা হয়েছে।
২০১৯ সালের ১৮ জানুয়ারী ১১ টা ৪৫ মিনিটের সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটিস্থ বেলী পেট্রল পাম্পের পাশে ১টি ট্রাক তল্লাশি করে ট্রাকের জ্বালানী ট্যাঙ্কির সাথে বিকল্প একটি ট্যাঙ্কি বানিয়ে ৭০৮ বোতল ফেন্সিডিল পাচার করা হচ্ছিল। র্যাব-০৮ বরিশালের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে এই ট্রাকটি তল্লাসি করে গোপন জায়গা থেকে এই ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে র্যাব-০৮ বরিশালের ডিএডি মাহাফুজুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে। নলছিটি থানার এসআই ২০১৯ সালের ১৬ এপ্রিল ৪ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেছেন।
























