মাসুদ হাসানঃ
ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সাথে গোসলের ব্লগ বানাতে এসে নিখোঁজ হওয়ার একদিন পর তামজীদ (১৮) নামে এক স্কুল ছাত্রর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে লাঙ্গলবন্দ ব্রিজের নিচে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার দুপুরে গোসল করতে নেমে নদের স্রোতে হারিয়ে যায় তামজীদ।
নিহত যুবক কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।সে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বাড়িপাড়া এলাকার মোঃ শাহিনের পুত্র।
কলাগাছিয়া নৌপুলিশের এসআই মোঃ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন,নিখোঁজ ছাত্রের সন্ধানে নদে টহল চলছিল।আজ শনিবার সন্ধ্যার ৬ টার দিকে নদের বিভিন্ন যায়গা খোজাখুজির পর লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ডুব দিলে ডুবুরি দলের একজন তার সন্ধান পায়।আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়,কাঁচপুর ও মদনপুর থেকে ৭ বন্ধু ব্রহ্মপুত্র নদে ইউটিউবের জন্য গোসলের ব্লগ করতে আসে।তাদের মধ্যে দুইজন ঘন্টা দুয়েক গোসল শেষে বাড়ি ফিরে যায় বাকি পাঁচজন রয়ে যায়।তারা রেস্ট নিয়ে পুনরায় আবার গোসল করতে নামে।একপর্যায়ে নদের স্রোতে হারিয়ে যায় তামজীদ। তার বন্ধু ফরহাদ তাকে বাঁচাতে খুব চেষ্টা করলেও ব্যার্থ হয়।
























