বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার মদনপুর, হরিপুর ও বংশাসন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।
অভিযান সূত্রে জানা গেছে, হরিপুর (সালমা খাতুনের বাড়ির পেছনে), মদনপুর এলাকায় একটি বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। ফ্যাক্টরিটির একটি ভাট্টিতে প্রতি ঘণ্টায় প্রায় ২ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
অভিযানকালে প্রায় ৫০০ ফুট হোস পাইপ (৩/৪ ইঞ্চি), ২০০ ফুট এমএস পাইপ (১ ইঞ্চি), একটি ১ ইঞ্চি ভাল্ব এবং একটি রেগুলেটর জব্দ করা হয়। একই সঙ্গে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফ্যাক্টরির টিনশেড ঘরে সংরক্ষিত আনুমানিক ১০০ বস্তা চুন কেটে পাশের খালে ফেলে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস বিতরণ লাইনের সংযোগ উৎস সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেয়।
অভিযানের দ্বিতীয় ধাপে বন্দর উপজেলার ২৭ নম্বর ওয়ার্ডের বংশাসন ক্যাবল ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























