রেজওয়ানুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৬২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৪ জন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৯৩ জন। ।
আজ সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৬৮ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪টি নমুনায় ছয়জনের ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৯৩টি নমুনায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া ঢাকায় পাঠানো ৬২৬ নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২৪৭ জন, সারিয়াকান্দিতে ১৬ জন, আদমদীঘিতে ১৫ জন, শেরপুরে ৯ জন, শিবগঞ্জে সাতজন, গাবতলী ছয়জন, দুপচাঁচিয়ায় পাঁচজন, ধুনটে পাঁচজন, কাহালু ও নন্দীগ্রামে দুজন করে ব্যক্তি রয়েছেন।
সূত্রটি আরও জানায়, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ছয়জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন ও শিবগঞ্জে নিজ বাড়িতে মারা গেছেন একজন । মৃত্য ব্যক্তিরা হলেন, বগুড়া দুপচাঁচিয়ার রুপ কুমার বসাক (৪৫), সদরের মকবুল হোসেন (৭৫) ও আব্দুল লতিফ (৫৩), জয়পুরহাটের চম্পা (৩৯), আদমদীঘির হালিমা বেগম (৪০) ও শিবগঞ্জের শাহজাহান আলী (৬২)।
সোমবার সকালে পাওয়া সর্বশেষ ফল অনুযায়ী, বগুড়ায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৯৯৫ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪২৯ জনের। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ২৬৯ জন।
























