নিলয়, স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপে প্রথম ম্যাচেই ব্যাটিং ভরাডুবি দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় টাইগারদের। এমন অবস্থায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার। টুর্নামেন্টে টিকে থাকতে রশিদ-মুজিবদের হারাতেই হবে সাকিব বাহিনীকে। ঘরের মাঠে এ আফগানিস্তানের বিপক্ষেই ওয়ানডে সিরিজ হেরেছিলো লাল-সবুজের প্রতিনিধীরা। তাই খোদ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করছেন রশিদ-মুজিবদের মোকাবেলা চ্যালেঞ্জিং।
আফগানদের বিপক্ষে মাঠে নামার পূর্বে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেই তিনি জানান বর্তমান সময়ের অন্যতম লেগ স্পিনার রশিদ ও মুজিবদের মোকাবেলা টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি। যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য খুবই সতর্ক আছি।’
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে লাহোরে অবস্থান করছে আফগানিস্তান। কন্ডিশনের সঙ্গে তাই মানিয়ে নিতে বাংলাদেশ থেকেও এগিয়ে থাকবে আফগানরা। কন্ডিশন বিষয়ে হাথুরু বলেন, ‘আমি এমন মনে করছি না। আমরা অভ্যস্ত। সবাই এশিয়ান দেশ। আমরা দেশে গরমের মধ্যে অনুশীলন করেছি। আমি মনে করি না, এটা আমাদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে।
























