সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা এলাকায় চেকপোস্টে তাদের আটক করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে।
আটকৃতরা হলো-রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল হোসেনের ছেলে মো. খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী তানজিনা (৩৫)।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্টগ্রামের লালমাই পাহাড় হতে যাত্রীবাহী বাসযোগে ঢাকা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান করে পুলিশ। এসময় একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়।
এসময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
























